দুর্বৃত্তদের ধাওয়ায় লুকিয়েছিলেন মানিক, মাঝখানে পড়ে খুন হলেন অপু

বাড়িতে ঢুকে যুবককে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদরের হাজীপুরের একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনেই এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে হাজীপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ওই যুবকের নাম অপু দাস (৩৪)। তিনি দাসপাড়া এলাকার মৃত অনিল দাসের ছেলে। হাজীপুর ব্রিজ–সংলগ্ন একটি ভিডিও এডিটিংয়ের দোকান ছিল তাঁর। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাইসহ আরও তিনজন। তাঁরা হলেন শিবু দাস (৩০), আল আমিন (৪৫) ও দিবাকর দাস (৪০)।

নিহত অপু দাস

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, অপুদের বাড়ির অদূরে মানিক নামের এক ব্যক্তির সাউন্ডবক্সের দোকান রয়েছে। মানিকের সঙ্গে শহরের দত্তপাড়া এলাকার এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জের ধরে টাকা উদ্ধারের জন্য মানিকের দোকানে এসেছিল একদল দুর্বৃত্ত। তাদের সঙ্গে প্রথমে মানিকের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় কাঠমিস্ত্রিদের দোকান থেকে নকশা কাটার বাটাল ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে তারা মানিককে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে অপু দাসের বাড়িতে ঢুকে পড়েন মানিক এবং তাঁদের বাড়ির ছাদে আশ্রয় নেন। ওই সময় দুর্বৃত্তরা ছাদে উঠতে চাইলে তাদের বাধা দেন অপুর ছোট ভাই শিবু দাস। তাঁকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এর পরপরই বাইরে থেকে বাড়িতে ফিরে অপু দাস ‘কী হয়েছে জানতে চাইলে’ দুর্বৃত্তদের সঙ্গে তাঁরও কথা–কাটাকাটি হয়। এরপর দুর্বৃত্তদের হাতে থাকা ওই বাটাল অপুর বুকের বাঁ পাশে ঢুকিয়ে দেওয়া হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলায় অংশ নেওয়া দুর্বৃত্তরা এই এলাকার নয়, তাই তাদের চেনা যায়নি। মানিকের পেছনে পেছনে তারাও ওই বাড়িতে ঢুকে অপু দাসের ছোট ভাই শিবু দাসকে বাটাল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাড়ির নারীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন এবং অপুকে ফোনে এ ঘটনা জানানো হয়। অপু বাড়িতে আসার পরই তাঁর বুকে বাটাল দিয়ে আঘাত করা হয়। দুর্বৃত্তদের মধ্যে দুজন ছিল বাড়ির ভেতরে, বাকিরা বাড়ির বাইরে। তাদের সবার হাতেই কাঠমিস্ত্রিদের ব্যবহৃত বাটাল ছিল।

নিহতের বন্ধু বিশ্বজিৎ নামের একজন জানান, হাজীপুর ব্রিজের মাথায় অপুসহ চার বন্ধু মিলে তাঁরা আড্ডা দিচ্ছিলেন। পরিবারের কারও ফোন পেয়ে দ্রুত বাড়িতে যান তিনি। এর পাঁচ মিনিট পরই তিনি বিশ্বজিৎকে ফোন করে সবাইকে নিয়ে তাঁর বাড়িতে যেতে বলেন। এর এক-দুই মিনিটের মধ্যেই অপুকে বাটাল দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করার ঘটনা জানতে পারেন তাঁরা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তখনো অপু জীবিত ছিলেন। এর মধ্যেই তিনি মারা যান।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোখসানা বেগম জানান, ১টা ৫ মিনিটের দিকে তাঁকে আনা হলে তাঁর ইসিজি করানো হয়। ওই সময় তাঁর বিপি ও পালস ছিল না। অর্থাৎ অপুকে মৃত অবস্থায় পেয়েছেন। তাঁর বুকের বাঁ পাশে বড় আঘাতসহ ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। বুকের আঘাতটি হার্ট পর্যন্ত বিস্তৃত ছিল।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ সদর হাসপাতালে গিয়ে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত নূর ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মৃত্যুর কারণ ও পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।