দুর্বৃত্তদের মারধরে অচেতন খ্রিষ্টান দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বনপাড়া পৌরসভায় গ্যাব্রিয়েল কস্তা (৮০) ও তাঁর স্ত্রী বীণা পিরিসকে (৭০) বাসায় ঢুকে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে পৌরসভার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই দুজনেরই চেতনা ফিরেছে।

বড়াইগ্রাম থানার পুলিশ জানায়, বনপাড়ার সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক গ্যাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী বিনা পিরিস ঘুমিয়ে ছিলেন। গতকাল রাত ১২টার দিকে প্রথমে কিছু লোক আত্মীয় পরিচয় দিয়ে তাঁদের দরজা খুলতে বলে। তাঁরা দরজা না খুলে আবার ঘুমিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা শৌচাগারের দরজা দিয়ে ভেতরে ঢোকে। পরে ওই দম্পতিকে মারধর করে দুটি মোবাইল ফোন সেট ও ১৬ হাজার টাকা নিয়ে চলে যায়। যাওয়ার সময় আবার ওই দম্পতিকে মারধর করলে তাঁরা অচেতন হয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। আজ রাত আটটার দিকে তাঁদের চেতনা ফিরলে পুরো ঘটনা জানা যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন না। এ ব্যাপারে রাত নয়টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। তবে পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছে যে, ঘটনাটি ডাকাতির। অন্য কোনো উদ্দেশ্য থাকলে দুর্বৃত্তরা টাকা নিয়েই চলে যেত না।
স্থানীয় ক্লিনিকের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, অনেক শীত আর ভীতির কারণে আহত দম্পতি অচেতন হয়ে পড়েছিলেন। রাত আটটা নাগাদ তাঁদের চেতনা ফিরেছে। দুজনেই সুস্থ আছেন।
বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের বাড়ির পাশে একটি মাদকের আসর বসতো বলে স্থানীয়রা তাঁকে জানিয়েছেন। হয়তো নেশার টাকা নিতে তারাই ডাকাতি করেছে।