দুর্বৃত্তদের হাতে আসবাব ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থপথ সড়কের পাশে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হাতে আহমেদ মাসুদ (৩৬) নামে এক আসবাব ব্যবসায়ী খুন হয়েছেন।
পান্থপথ সড়কের পাশে আহমেদ মাসুদের আসবাবের একটি দোকান আছে। পাশের আরেকটি আসবাবের দোকানি সাব্বির হোসেন বলেন, সন্ধ্যার দিকে মাসুদ কারওয়ান বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। সন্ধ্যা সাতটার পর একটি রিকশায় রক্তাক্ত অবস্থায় মাসুদ এসে বলেন, ‘আমাকে বাচাও’। এরপর তাঁর দোকানের ব্যবস্থাপক সুজনকে দিয়ে পান্থপথের বেসরকারি শমরিতা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুজন জানান, হাসপাতালে নেওয়ার পথে মাসুদের কাছে হামলাকারীদের নাম জানতে চাইলে তাঁকে বলা হয়, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। এ কথা বলার পরপরই তিনি অচেতন হয়ে যান। তার পেট ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে।
ঢাকা মেডিকেলে আসা স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁরা হত্যার কারণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, হামলার কারণ কিংবা ঘটনাস্থল নিশ্চিত হওয়া যায়নি। সন্ধ্যার পর দুই নারী রক্তাক্ত অবস্থায় মাসুদকে প্রথমে তাঁর দোকানের সামনে নিয়ে আসেন।