শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচিতে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার মাঝরাতের ওই হামলায় দুই শিক্ষক ও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষকেরা হলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মোস্তাফিজুর রহমান ও রসায়ন বিভাগের এইচ এম তারিকুল ইসলাম।
আহত শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পাসে আমরণ অনশনরত শিক্ষার্থীদের ওপর এক দল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে ছুটে আসা দুই শিক্ষককেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মধ্যরাতে ক্যাম্পাসে গন্ডগোলের খবর পেয়ে ডরমিটরি থেকে আমরা দুই শিক্ষক একসঙ্গে বের হওয়ার পরপরই এক দল দুর্বৃত্ত হামলা চালায়। এতে আমার ডান পা জখম হয়েছে। তারিকুল ইসলামকেও বেধড়ক লাঠিপেটা করা হয়েছে।’
আহত দুই শিক্ষক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। একই ওয়ার্ডে চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থী হলেন শাহজাহান আলী, আবদুর রকিব, মো. ইমরান, সুজন পাল ও শাহেদ সাজু। বুধবার সন্ধ্যা থেকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের পাশে আমরণ অনশন শুরু করেছিলেন। এর কয়েক ঘণ্টা পরই হামলার ঘটনা ঘটল।
আহত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন করা হয়েছে। কিন্তু এ দাবিকে উপেক্ষা করা হয়েছে। তাই কিছু শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করলে এক দল দুর্বৃত্ত হামলা চালায়।
অন্যদিকে শিক্ষক আহত হওয়ার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষকদের ‘নীল’ দলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি ২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করে। তিন মাস ধরে সে আন্দোলন এখনো চলছে। বর্তমানে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের নামে এ আন্দোলন চলছে। তারা ২ ফেব্রুয়ারি থেকে সব একাডেমিক ভবনে তালা দিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়ায় বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকায় অবস্থান করার কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, একটানা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধানের জন্য তিনি আন্দোলরত শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।