দুর্বৃত্তদের হামলায় তিন মেয়েসহ বাবা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় তিন মেয়েসহ হারুন ব্যাপারী (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত হারুনকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর তিন মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

হারুনের পরিবারের অভিযোগ, উত্ত্যক্ত করার ঘটনার বিষয়ে অভিভাবককে নালিশ করায় স্থানীয় ছাত্রলীগের কয়েকজন কর্মী এ ঘটনা ঘটিয়েছেন। তাঁরা টাকা ও স্বর্ণালংকার লুট করেছেন।
আহত ব্যক্তিদের পরিবার জানায়, আহত হারুনের গ্রামের বাড়ি গৌরনদীর চাঁদশী ইউনিয়নে। তিনি ঢাকার রায়ের বাজারে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে থাকেন। পেশায় তিনি গাড়িচালক। তিন মেয়ে সানজিদা আক্তার (১৫), হাবিবা আক্তার (১০) ও ফাহাদা আক্তার (৬) স্থানীয় স্কুলে পড়ে। স্কুল ছুটি হওয়ায় কিছুদিন আগে তারা দাদার বাড়ি গৌরনদীতে বেড়াতে যায়। সেখানে দিদার ও রিয়াজ ব্যাপারী নামের স্থানীয় ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন সানজিদাকে উত্ত্যক্ত করেন। এ বিষয়ে দিদার ও রিয়াজের পরিবারের কাছে নালিশ করা হয়। মেয়েকে উত্ত্যক্তের কথা শুনে তাদের ঢাকা নিয়ে আসতে গতকাল হারুন গৌরনদীতে যান। রাত ১০টার দিকে তিন মেয়েকে নিয়ে তিনি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী বাসে ওঠেন। কিন্তু বাস ছাড়ার আগে দিদার, রিয়াজসহ কয়েকজন হারুন ও তাঁর তিন মেয়েকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন এবং মানিব্যাগে থাকা ২৪ হাজার টাকা ও মেয়েদের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত হারুনের বাবা গৌরনদীর চাঁদশী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম ব্যাপারী বলেন, বড় নাতনিকে উত্ত্যক্ত করেছিলেন দিদার, রিয়াজসহ কয়েকজন। অভিভাবকদের কাছে নালিশ দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হারুনের মা মায়া বেগম বাদী হয়ে দিদার, রিয়াজসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিদার প্রথম আলোর কাছে দাবি করেন, উত্ত্যক্তের ঘটনা মিথ্যা। পূর্বশত্রুতার জের ধরে হারুন ব্যাপারী তাঁর বন্ধু রিয়াজ ব্যাপারীকে মারধর করেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।