কুষ্টিয়া পৌরসভার মাসিক সভায় দুই কাউন্সিলরের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। পরে এক কাউন্সিলরের সমর্থকেরা পৌরসভায় গিয়ে গাড়িচালকসহ দুজনকে মারধর করে। এতে তাঁরা আহত হলে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পৌরসভা চত্বরে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও র্যাবের সদস্যরা হাজির হন।
আহত ব্যক্তিরা হলেন পৌরসভার গাড়িচালক শহিদুল ইসলাম (৪৫) ও নিরাপত্তাকর্মী আরিফ হোসেন (৫৫)। ঘটনার পর পৌরসভার মেয়র আনোয়ার আলী তাঁর কক্ষে উভয় কাউন্সিলরসহ অন্য কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একসঙ্গে থাকায় দুজনের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে গেছে।
পৌরসভার দুজন কাউন্সিলর বলেন, গতকাল সকালে পৌরসভার ম আ রহিম মিলনায়তনে মাসিক সভা চলছিল। সেখানে ২১ নম্বর ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। একপর্যায়ে এক কাউন্সিলর নারী কাউন্সিলরদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। আরেক কাউন্সিলর বিষয়টির প্রতিবাদ করেন। এ নিয়ে দুই কাউন্সিলরের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পক্ষে ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিদুল ইসলাম ও আরেক পক্ষে ছিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম। এ নিয়ে উচ্চবাচ্য হলে মেয়র বিষয়টি ঠিক করে দেন। এদিকে ঘটনায় দুই কাউন্সিলরই মুঠোফোনে তাঁদের লোকজনকে পৌরসভায় আসতে বলেন। ঘটনার কয়েক মিনিটের মধ্যে সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে লোকজন জড়ো হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পৌরসভার নিরাপত্তাকর্মী আকবর আলী বলেন, ১৫-১৬টি মোটরসাইকেলে লোকজন আসে। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। এ সময় তাদের মধ্যে একজন লাঠি দিয়ে গাড়িচালক শহিদুলকে পেটাতে থাকে। প্রধান ফটক বন্ধ করে দিলে তারা আরিফ হোসেনকেও পেটায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাঁচ-ছয় মিনিটের মধ্যে তারা চলে যায়। মোটরসাইকেলে আসা লোকজন কাউন্সিলর মহিদুলের পক্ষের বলে তিনি জানান। তাদের মধ্যে মহিদুল ইসলামের ছেলেও ছিলেন।
ঘটনার পর থেকে মহিদুল ইসলাম ও রবিউল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা যায়নি।
পরে খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পরপরই মেয়র আনোয়ার আলী কাউন্সিলর মহিদুল, রবিউল ইসলামসহ অন্য কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, নিজেদের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে, বাগ্বিতণ্ডা হয়েছে। পৌর মেয়র সব মিটমাট করে দিয়েছেন।