দুর্বৃত্তদের হামলায় মহেশখালীতে নিহত ১
কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের হামলায় বদর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সুতরিয়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাওনা টাকা নিয়ে দক্ষিণ সুতরিয়ার বদর উদ্দিনের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে পাওনা টাকা নিয়ে দক্ষিণ সুতরিয়ার বেড়িবাঁধ এলাকায় বদর উদ্দিনের সঙ্গে ওই ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁর লোকজন নিয়ে বদর উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় লাথি ও ঘুষিতে বদর উদ্দিন গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মদ ভূঁইয়া বলেন, বদর উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।