দুর্বৃত্তরা আটজনকে সংজ্ঞাহীন ফেলে নিয়ে গেছে টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ বৃহস্পতিবার ভোরে আটজনকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কালিয়াকৈর বাজার বাসস্টেশন এলাকা থেকে তিনজন ও খাড়াজোড়া থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বুধবার রাতে তাঁদের চেতনানাশক কিছু খাইয়ে টাকা-পয়সা ও মালামাল লুটে নিয়েছে।

উদ্ধার করা ব্যক্তিদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। অন্য পাঁচজন বেলা ১১টা পর্যন্ত অচেতন থাকায় পরিচয় জানা যায়নি।

পরিচয় পাওয়া তিনজন হলেন টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা এলাকার আমির আলী মুন্সির ছেলে আবদুল মান্নান (৫০), তাঁর ছোট ভাই লুৎফর রহমান (৪৩) এবং একই এলাকার আবদুল কুদ্দসের ছেলে মোস্তফা (৪০) ধানের আড়তদারের ব্যবসা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে টাঙ্গাইল সদর এলাকা থেকে যাত্রীবাহী একটি বাসে করে তাঁরা কালিয়াকৈর বাজার এলাকায় আসছিলেন। আসার পথে বাসে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা টাকাপয়সা ও সঙ্গে থাকা মালামাল লুট করে কালিয়াকৈর বাজারের পাশে তিনজনকে এবং খাড়াজোড়া এলাকায় পাঁচজনকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রবীর কুমার সরকার জানান, ওই আটজনকেই চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনজনের জ্ঞান ফিরলেও অন্যরা এখনো সংজ্ঞাহীন। তাঁদের চিকিৎসা চলছে।