দুর্বৃত্তরা কেটে ফেলল ১৮০টি পেঁপেগাছ
বগুড়ার ধুনট উপজেলায় দুর্বৃত্তরা কেটে ফেলল বর্গাচাষির ১৮০টি পেঁপেগাছ। গতকাল বুধবার রাতে উপজেলার শরু গ্রাম বিলের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনটের কালেরপাড়া ইউনিয়নের শরু গ্রাম বিলের মাঠে স্থানীয় সাখাওয়াত হোসেনের কাছ থেকে একই গ্রামের আনোয়ার হোসেন ১৬ শতক জমি বর্গা নেন। আনোয়ার হোসেন প্রায় দেড় মাস আগে জমিতে ১৮০টি পেঁপের চারা রোপণ করেছিলেন। বাগানের গাছগুলো রোপণের পর থেকে সেগুলো প্রায় দু-তিন ফুট লম্বা হয়েছে। বুধবার রাতে দুর্বৃত্তরা বাগানের সবগুলো পেঁপেগাছ কেটে ফেলেছে।
বর্গাচাষি আনোয়ার হোসেন বলেন, ‘বাগান করতে তাঁর ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ অবস্থায় কে বা কারা শত্রুতা করে সব গাছ কেটে ফেলেছে। জমানো সব টাকা খরচ করে আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। কারও সঙ্গে আমার তেমন কোনো শত্রুতা নাই। কারা এ কাজ করেছে, তা-ও জানা নেই। প্রায় ছয় মাস আগে ওই জমি থেকে দুর্বৃত্তরা আমার কপির গাছ কেটে ক্ষতি করেছিল। এখনো কোথাও কোনো অভিযোগ করি নাই। জমির মালিকের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, বাগানের পেঁপেগাছ কাটার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।