দুর্বৃত্তরা নিল এক লাখ পুলিশ চাইল দুই লাখ
অবসরপ্রাপ্ত কারারক্ষী মিছির আলীর সিএনজিচালিত অটোরিকশাটি গত ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ছিনতাই হয়। দুর্বৃত্তরা তাঁকে ফোন করে অটোরিকশা ফিরিয়ে দিতে এক লাখ টাকা চায়। তবে ওই টাকা দিয়েও অটোরিকশা পাননি।
কয়েক দিন পর দুর্বৃত্তদের দেওয়া তথ্য অনুযায়ী মিছির আলী মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে খোঁজ পান তাঁর অটোরিকশার। তবে সেটি ছেড়ে দিতে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা চাইলেন দুই লাখ টাকা। গত বুধবার সন্ধ্যায় মিছির আলী বলেন, ডিবির ওই কর্মকর্তা তাঁকে বলেছেন, গাড়ি ফিরে পেতে চোরকে এক লাখ টাকা দিলে পুলিশকে দুই লাখ দেবেন না কেন?
অবশ্য ডিবির ওই কর্মকর্তা এসআই আশিস সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাগের মাথায় দুই লাখ টাকার কথা বলেছেন।
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার বাসিন্দা মিছির আলী প্রথম আলোকে বলেন, ছেলে আলাউদ্দিনের নামে কেনা অটোরিকশাটি গজারিয়া-সোনারগাঁ এলাকায় ভাড়ায় চলত। এর আয়ে চলত তাঁর পরিবার। ১৪ সেপ্টেম্বর সকালে চিটাগাং রোডে যাওয়ার কথা বলে তিনজন অটোরিকশাটি ভাড়া নেয়। পথে তারা অস্ত্রের মুখে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে চলে যায়। পরে অটোরিকশার গায়ে থাকা মালিকের মুঠোফোন নম্বরে ফোন করে গাড়ি ফিরিয়ে দিতে দুই লাখ ৪০ হাজার টাকা দাবি করে। চার দিন দর-কষাকষির পর এক লাখ টাকায় রফা হয়। দুর্বৃত্তরা কেরানীগঞ্জে আনোয়ারের গ্যারেজে টাকা দিয়ে আসতে বলে। ২০ সেপ্টেম্বর আলাউদ্দিন ও গ্রামের এক লোককে সঙ্গে নিয়ে কেরানীগঞ্জে গিয়ে একটি হোটেলে বসে আনোয়ারকে ওই টাকা দেন মিছির আলী। আনোয়ার তাঁদের বলেন, ‘চাচা, আমি কিন্তু চোর না।’ টাকাগুলো আনোয়ার তৎক্ষণাৎ একটি নম্বরে বিকাশ করেন এবং তাঁদের চলে যেতে বলেন।
১৭ অক্টোবর কেরানীগঞ্জে গিয়ে আনোয়ারের গ্যারেজ বন্ধ পাওয়া যায়। মুঠোফোনে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি চোরও না, আবার ওদের সঙ্গেও না।’ তিনি দাবি করেন, তিনি চোরদের হয়ে টাকা লেনদেন করেননি। যেদিনের কথা বলা হচ্ছে, সেদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মুঠোফোনে তাঁর কথা রেকর্ড আছে জানালে বলেন, কয়েকজন গাড়ি খুঁজতে এসেছিলেন। তিনি তাঁদের পথ বাতলে দিয়েছেন।
মিছির বলেন, আনোয়ারকে টাকা দিয়ে ফেরার পর দুর্বৃত্তরা ফোন করে বিভিন্ন সময়ে তাঁদের অটোরিকশা আনতে রাজধানীর শান্তিনগর, রমনা থানা, মতিঝিল থানা ও ওয়ারী থানায় পাঠায়। কিন্তু কোথাও পাননি। পরে দুর্বৃত্তদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরে দুর্বৃত্তদের ফোন পেয়ে ২৮ সেপ্টেম্বর ডিবি কার্যালয়ে গিয়ে সেখানে অটোরিকশা থাকার বিষয়ে নিশ্চিত হন। এরপর নম্বর নিয়ে যোগাযোগ করলে এসআই আশিস অটোরিকশাটি আসাদগেট থেকে আটক করার এবং সেখানে আনতে ১০ হাজার টাকা খরচের কথা জানান। এতে তিনি পকেটে থাকা আট হাজার টাকা আশিসকে দেন এবং গাড়িটি ছেড়ে দিতে অনুরোধ করেন। আশিস কাগজপত্র যাচাইয়ের জন্য অনুলিপি রেখে দেন এবং কয়েক দিন পর আসতে বলেন। কিন্তু কয়েক দিন পরে আশিস ফোন করে দুই লাখ টাকা দাবি করেন। দর-কষাকষির পর ৩০ হাজার টাকা নিয়ে ১৫ অক্টোবর তিনি ডিবি কার্যালয়ে গেলে আশিস জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজি হচ্ছেন না। ৫০ হাজার টাকা হলে এখনই অটোরিকশা নিতে পারবেন।
যোগাযোগ করা হলে এসআই আশিস সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তিনি একটি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় মতিঝিল থেকে উদ্ধার করেছেন। তবে সেটিই মিছির আলীর কি না, তা নিশ্চিত নন। দুই লাখ টাকা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মিছিরকে এক সপ্তাহ পর আসতে বলেছিলেন। কিন্তু মিছির প্রতিদিন ভোরে তাঁকে ফোন করায় বিরক্ত হয়ে রাগের মাথায় তিনি দুই লাখ টাকার কথা বলেছিলেন।
ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, অভিযোগ শোনার পর তিনি অটোরিকশাটির মালিক দাবিদারদের ডেকে অভিযোগ নিয়েছেন। একজন অতিরিক্ত উপকমিশনার অভিযোগটির তদন্ত করছেন। ওই তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। মালিক দাবিদারদের কাছ থেকে গাড়ির কাগজপত্র রাখা হয়েছে। সেগুলো বিআরটিএ থেকে যাচাই সাপেক্ষে অচিরেই গাড়িটি ফেরত দেওয়া হবে।