দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেল কলেজছাত্রীর মুখ
ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে এক তরুণীর মুখ ঝলসে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
ওই তরুণী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানের ছাত্রী।
ধামরাই থানা ও পারিবারিক সূত্র জানায়, তরুণীটি গত সোমবার রাত আটটার দিকে পানির জন্য বাড়ির উঠানে টিউবওয়েলের কাছে যান। এ সময় বোরকা পরিহিত এক দুর্বৃত্ত তাঁর মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছাড়াও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তরুণীর বাবা বলেন, ‘কারা আমার মেয়ের মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে এই মুহূর্তে তাঁদের বিষয়ে কিছু বলা সম্ভব নয়, মেয়ে সুস্থ হলে সব জানাব।’
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, অ্যাসিডে তরুণীটির মুখের প্রায় ৪০ ভাগ পুড়ে গেছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকেরা জানিয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বলেন, কারা অ্যাসিড মেরেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। তবে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তরুণীটির অবস্থা আশঙ্কামুক্ত।