দুর্বৃত্তের অ্যাসিডে ঝলসে গেল দুই তরুণের শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে দুই তরুণের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার কাজিমুকমাপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দুই তরুণের পরিবার সূত্রে জানা গেছে, মাস খানেক আগে কাজিমুকমাপাড়ার ভজন সরকারের ছেলে পলাশ সরকারের বিয়ে ঠিক হয়। মঙ্গলবার রাতে কনেপক্ষের লোকজন পলাশের বাসায় আসে। আনুষ্ঠানিকতা শেষে রাত নয়টার দিকে পলাশ তাঁর বন্ধু পার্থ সাহা, সুমন সাহা ও সজীব সেনকে নিয়ে একটি কক্ষে টেলিভিশন দেখছিলেন। এ সময় এক দুর্বৃত্ত জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় পলাশ ও পার্থ দগ্ধ হন। প্রথমে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। গতকাল মঙ্গলবার পার্থকেও একই হাসপাতালে স্থানান্তর করা হয়। সাভারের রাজ্জাক প্লাজায় পলাশের তৈরি পোশাকের দোকান রয়েছে। পার্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেহেদি হাসান বলেন, অ্যাসিডে পলাশের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁ-চোখের পাতাও ঝলসে গেছে। এ ছাড়া মুখমণ্ডল, গলা, বুক ও পেটের অংশবিশেষ ঝলসে গেছে। আর পার্থের মুখমণ্ডলসহ দুই হাত, দুই পা ও পেটের অংশবিশেষ ঝলসে যায়।
পার্থ বলেন, রাত নয়টার দিকে তাঁরা পলাশের কক্ষের দরজা-জানালা বন্ধ করে টেলিভিশন দেখছিলেন। একপর্যায়ে বাইরে থেকে কে বা কারা জানালায় টোকা মারে। এ সময় পলাশ জানালার দিকে এগিয়ে যান। বাইরে থেকে কেউ সাড়া না দেওয়ায় পলাশ জানালা খুলে উঁকি মারেন। এ সময় বাইরে থেকে এক দুর্বৃত্ত কাচের পাত্রে ভরা অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এতে পলাশ ও তাঁর (পার্থ) শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পলাশ বলেন, মাস খানেক ধরে তাঁর মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। যারা হুমকি দিয়েছে, সম্ভবত তারাই অ্যাসিড মেরেছে।
গতকাল সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে থাকা রাসেল শেখ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।