বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে খালেদা পারভীন (২৬) নামের এক নারীর বাঁ পা ঝলসে গেছে। শ্বশুরবাড়ির লোকজন এ অ্যাসিড ছুড়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবেদ বিল্লাহ বলেন, অ্যাসিডে খালেদার বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ঝলসে গেছে। এতে শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে তিনি জানান।
চিকিৎসাধীন খালেদা বলেন, তাঁর শোয়ার ঘরের খোলা জানালা দিয়ে অ্যাসিড ছোড়া হয়। এ সময় তিনি ঘরে ফজরের নামাজ পড়ছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী মাসুম মোস্তফা (৩২) বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি করেন। তাঁর শ্বশুরবাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাশিন্দা গ্রামে। যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে বছর খানেক আগে তিনি শেরপুর শহরের টাউন কলোনি মহল্লায় বাবার বাড়ি চলে আসেন।
পরে স্বামী ও তাঁর মা-ভাই-বোনসহ চারজনকে আসামি করে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা করেন। এর পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন মামলা তুলে নিতে নানাভাবে তাঁর ওপর চাপ সৃষ্টি করছেন। এমনকি তাঁরা তাঁর প্রাণনাশেরও হুমকি দেন। অ্যাসিড ছুড়ে মারার ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন জড়িত বলে দাবি করেন খালেদা।
খালেদার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী বলেন, তাঁর মেয়ের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনি মামলা করবেন।
অভিযুক্ত মাসুম মোস্তফা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, বর্তমানে তিনি ঢাকায় বিজিবির সদর দপ্তরে ল্যান্স করপোরাল পদে কর্মরত আছেন। বগুড়ার আদালতে তাঁর ও তাঁদের পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ওই মামলায় তিনি কিছুদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছেন বলে জানান।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।