নরসিংদীতে দুর্বৃত্তদের অ্যাসিডে মা-মেয়ে দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অ্যাসিড-দগ্ধ দুই নারী হলেন সাবিকুন নাহার (২৫) ও তাঁর মা রোকেয়া বেগম (৫০)। সাবিকুন নাহারের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছেন। তাঁদের বাড়ি মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামে।

আজ সকালে প্রথম আলোকে দেওয়া সাবিনুর নাহারের ভাষ্য, গতকাল রাতে তিনি ও তাঁর মা নিজেদের ঘরে বসে ছিলেন। এ সময় তাঁর সাবেক স্বামী দৌলত মিয়া জানালা দিয়ে তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন। এতে তাঁরা দগ্ধ হন। প্রথমে তাঁদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ ভোর চারটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, সাবিকুন নাহারের শরীরের যতটুকু পুড়েছে, তা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ভোরে ওই দুই নারী থানায় এসেছিলেন। ঘটনাস্থলে থানা থেকে পুলিশ গেছে। ঘটনার তদন্ত চলছে।