দুর্বৃত্তের আগুনে টিআর ট্রাভেলসের দুটি বাস ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীতে গতকাল রোববার সন্ধ্যায় ‘টিআর ট্রাভেলস’-এর দুটি বিলাসবহুল বাস আগুনে ভস্মীভূত হয়েছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, অজ্ঞাত কেউ বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
টিআর ট্রাভেলসের ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গাবতলীতে খালেক এন্টারপ্রাইজের বাস রাখার জায়গা ভাড়া নিয়ে টিআর ট্রাভেলস গ্যারেজ হিসেবে ব্যবহার করে। গ্যারেজভাড়া হিসেবে প্রতি মাসে ৪১ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। গতকাল গ্যারেজে সাত থেকে আটটি বাস ছিল। সন্ধ্যা ছয়টার দিকে অজ্ঞাত কেউ ঢাকা মেট্রো-ব-১৪-৩৫০০ নম্বরের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন ঢাকা মেট্রো-ব-১৪-৩৫০২ নম্বরের বাসেও ছড়িয়ে পড়ে।
আসাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাস দুটি ভস্মীভূত হয়ে যায়। দুটি বাসই মার্সিডিজ বেঞ্জের এবং শীতাতপ নিয়ন্ত্রিত। যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য প্রায় এক সপ্তাহ ধরে বাস দুটি গ্যারেজেই ছিল। আগুনে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, আগুন লেগে দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আরও একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।