দুর্বৃত্তের আগুনে পুড়ল ১০ হাজার গাছ
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মার চরের ৯০ হেক্টর জমিতে বনভূমি গড়ে তোলা হয়েছে। এলাকাজুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ১ লাখ ৩২ হাজার গাছ। গত রোববার দুর্বৃত্তদের দেওয়া আগুনে এসব গাছের প্রায় ১০ হাজারটি পুড়ে গেছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী-ফরাদপুর এলাকার পদ্মার চরে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সরকারিভাবে গড়ে তোলা হয়েছে বনভূমিটি। বন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বন কর্মকর্তারা। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল চারটার দিকে বনের দক্ষিণ-পশ্চিম কোণে আগুন দেয় দুর্বৃত্তরা। বনের ভেতর খড় ও শুকনো পাতা পড়ে থাকায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় লোকজন নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলেও হাঁটুপানির পদ্মা নদী ও বালুচর পেরিয়ে পানিভর্তি গাড়ি নিয়ে সেখানে পৌঁছানো সম্ভব হয় না। আর আগুনের আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস।
এ সময় এলাকাবাসী বনের ভেতর ইঁদুরের তোলা মাটি ছিটিয়ে প্রায় পাঁচ ঘণ্টা প্রচেষ্টার পর রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগেই বনের আকাশমণি, শিশু, খয়ের, ঝাউ, চাম কড়ই, ফুল কড়ই, বাবলা, নিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছ পুড়ে ছাই হয়ে যায়।
বনে নিযুক্ত সরকারি পাহারাদার ওসমান গণি ও জিল্লুর রহমান জানান, আগুন লাগার সময় তাঁরা দুজন বনের দুদিকে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ বনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে তাঁরা গ্রামবাসীকে ডেকে আনেন। তাঁরা আরও জানান, এর আগেও দুর্বৃত্তরা বনে দুই দফা আগুন দিয়েছে।
উপজেলা বন কর্মকর্তা মঈন উদ্দীন জানান, গতকাল সোমবার বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রায় চার হেক্টর জমিতে থাকা ১০ হাজার গাছ পুড়ে গেছে দুর্বৃত্তদের দেওয়া আগুনে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থবছরে ১ কোটি ৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রেমতলী-ফরাদপুর এলাকায় পদ্মার চরের ৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির ১ লাখ ৩২ হাজার গাছ লাগিয়ে বনটি গড়ে তোলে বন বিভাগ। সামাজিক এই বনায়নে উপকারভোগী আছেন এলাকার ৫৪৯ জন ব্যক্তি।