দুর্বৃত্তের আগুনে পুড়ে মারা গেল ১০টি ভেড়া ও ছাগল
বগুড়ার দুপচাঁচিয়ায় এক কৃষকের গোয়ালঘরে আগুন দিয়ে নয়টি ভেড়া ও একটি ছাগল পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা গ্রামের আকবর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও দুপচাঁচিয়া থানা সূত্র জানায়, পাঁচথিতা গ্রামের আকবর আলীর বাড়ির একটি ঘরসংলগ্ন গোয়ালঘরে তিনটি গরু, নয়টি ভেড়া ও চার-পাঁচটি ছাগল ছিল। রোববার দিবাগত রাত দেড়টার দিকে কে বা কারা ওই ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় পশুর ডাকে আকবর আলী ও তাঁর পরিবারের লোকজনের ঘুম ভাঙে। তাঁরা ঘর থেকে বের হয়েই গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। আকবর আলী ওই অবস্থায় গোয়ালঘরে ঢুকে গরুগুলোর দড়ি খুলে দেন। এরই মধ্যে নয়টি ভেড়া ও একটি ছাগল পুড়ে মারা যায়।
আকবর আলী দাবি করেন, শত্রুতা করেই এ আগুন দেওয়া হয়েছে। এতে তাঁর ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।
দুপচাঁচিয়া থানার ওসি গোপালচন্দ্র চক্রবর্তী বলেন, ‘গতকাল সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’