দুর্বৃত্তের আগুনে ভস্ম ১২০০ মুরগির বাচ্চা, পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি পোলট্রি খামারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে প্রায় ১ হাজার ২০০ সোনালি মুরগির বাচ্চা। গতকাল সোমবার রাতে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিল ডাঙা গ্রামের ইয়াকুব ব্যাপারীর পোলট্রি খামারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ইয়াকুব ব্যাপারী অভিযোগ করেছেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই সাঈদ ব্যাপারী এ কাজ করেছে। তিনি ঋণ নিয়ে এ পোলট্রি খামার গড়ে তুলেছিলেন। এখন পুরো নিঃস্ব হয়ে গেলেন। অন্যদিকে, সাঈদ ব্যাপারী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁকে ফাঁসাতে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভস্মীভূত মুরগির বাচ্চা ধরে বিলাপ করছেন ইয়াকুব ব্যাপারী। কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, দিবাগত রাত তিনটার দিকে প্রতিবেশী আনছার শেখের স্ত্রী নাসিমা বেগম বাড়ির পেছনে থাকা পোলট্রি খামারে আগুন দেখে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে ইয়াকুব এসে দেখেন, খামারের চারদিকের কাপড় ও বেড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তিনি আগুন নেভান। কিন্তু ততক্ষণে খামারে থাকা ৪২ দিন বয়সী প্রায় ১ হাজার ২০০ সোনালি মুরগির সব বাচ্চা পুড়ে গেছে। একেকটি বাচ্চার ওজন ছিল ৫৫০ থেকে ৬০০ গ্রাম। আর মাত্র ২০ দিন পর এগুলো বিক্রির উপযোগী হতো।

ইয়াকুব ব্যাপারী জানান, বেসরকারি সংস্থাসহ বিভিন্ন স্থান থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নিয়ে তিনি এ খামার গড়ে তোলেন। মুরগি বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এখন আমি পথের ফকির হয়ে গেছি। কী করে এই ঋণ শোধ করব?’

এদিকে খামারের চারদিক ঘুরে কয়েকটি স্থানে অর্ধেক পোড়া বিচালির আটি পড়ে থাকতে দেখা যায়।

ইয়াকুব ব্যাপারী অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা, চাচাতো ভাই সাঈদ ব্যাপারীর সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালেও জমি নিয়ে সাঈদের সঙ্গে তাঁদের হালকা সংঘর্ষ হয়। সে সময় সাঈদ ব্যাপারী তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। ওই দিন বিকেলেই ছয়-সাতটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এলাকায় সন্ধ্যার আগ পর্যন্ত ঘোরাফেরা করছিল। তাঁর আশঙ্কা, খামারে আগুন দেওয়ার পেছনে সাঈদ ব্যাপারীর হাত রয়েছে।
এদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন সাঈদ ব্যাপারী। প্রথম আলোকে তিনি বলেন, চাকরির সুবাদে তাঁকে ঢাকায় থাকতে হয়। কয়েক দিনের ছুটিতে বাড়িতে এলে গতকাল ইয়াকুব ব্যাপারীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। সে সময় ইয়াকুব ব্যাপারীর লোকজন তাঁকে মারধরও করে। বিষয়টি পরিবার ও এলাকাবাসী মিলে আপস মীমাংসার কথা ওঠে। তিনি দাবি করেন, তাঁকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে প্রথম আলোকে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ। তিনি বলেন, অভিযোগ পেলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।