দুর্বৃত্তের গুলিতে একজন নিহত, টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার হাজীপাড়ায় গতকাল রোববার দুর্বৃত্তের গুলিতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এক ব্যাংক থেকে প্রায় তিন লাখ টাকা তুলে আরেক ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা ওই টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
নিহত ইসমাইল হাতিরঝিল-সংলগ্ন মধুবাগের ১ নম্বর সড়কে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান প্রথম আলোকে বলেন, ইসমাইল হাজীপড়ার ‘বাংলাদেশ স্যানিটারি’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল তিনি একটি বেসরকারি ব্যাংক থেকে প্রতিষ্ঠানের ২ লাখ ৯০ হাজার টাকা তোলেন। ওই টাকা তিনি ওয়াপদা সড়কের আরেকটি বেসরকারি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বেলা পৌনে তিনটার দিকে হাজীপাড়া পেট্রলপাম্পের পাশে তিনজন অপরিচিত ব্যক্তি তাঁর পথ আটকায়। এ সময় ওই তিনজন ইসমাইলের সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে কিছুক্ষণ তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তদের একজন ইসমাইলের বুকে গুলি করে। এরপর দুর্বৃত্তরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
জামিনুর বলেন, ঘটনাস্থলের পাশে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট গুলিবিদ্ধ ইসমাইলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।