দুর্বৃত্তের গুলিতে তিন ব্যবসায়ী আহত, পাঁচ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় গত মঙ্গলবার রাতে মুখোশধারী দুর্বৃত্তরা তিন মাছ ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা লুট করেছে। এ সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে আহত হয়েছেন তিন ব্যবসায়ী আলী আহমদ, শাহাবুদ্দিন ও রতন দাশ। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আলী আহমদ ও শাহাবুদ্দিনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মেহেদীপাড়া এবং রতন দাশ শহরের ঘোনাপাড়ার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আলী আহমদ জানান, গত মঙ্গলবার রাত নয়টার দিকে ঝিলংজা পাওয়ার হাউস এলাকার ‘কক্সবাজার সি-ফুড’ মৎস্য প্রক্রিয়াজাত কারখানা থেকে ব্যাটারিচালিত অটোবাইকে (টমটম) করে শহরে ফিরছিলেন। সঙ্গে ছিল মাছ বিক্রির পাঁচ লাখ টাকা। রাত সাড়ে নয়টার দিকে টমটমটি শহরের বাজারঘাটার মিষ্টিরাজ হোটেলের সামনে পৌঁছার পর মুখোশধারী দুর্বৃত্তরা তাঁদের জিম্মি করে। একপর্যায়ে গুলি ও ছুরিকাঘাত করে তাঁদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। গুলিতে তিনিসহ শাহাবুদ্দিন এবং ছুরিকাঘাতে রতন দাশ আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, দুর্বৃত্তদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।