দুর্বৃত্তের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে আজ শুক্রবার দুর্বৃত্তের গুলিতে মকবুল্যা চাকমা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক সদস্য মকবুল্যা চাকমাকে কয়েকজন দুর্বৃত্ত নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের দিকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায়। এরপর স্থানীয় লোকজন মকবুল্যাকে আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ তাঁকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, মকবুল্যাকে পেছন থেকে একটি গুলি করা হয়েছে। এতে তিনি নিহত হন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মংক্যচিং সাগর জানান, রাত নয়টার দিকে নানিয়ারচর থানা-পুলিশ মকবুল্যা চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আকাই প্রু মারমা বলেন, মকবুল্যা চাকমা অন্তত আধা ঘণ্টা আগে মারা গেছেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।