দুর্বৃত্তের গুলিতে পুলিশের গাড়ি খাদে, পাঁচ পুলিশ সদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বহনকারী একটি প্রাইভেটকারকে তাড়া করতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে টহলরত একটি পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ঘাটুরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপপরিদর্শক (এসআই) আওয়াল ভূঁইয়া (৩৫), কনস্টেবল মিঠুন চন্দ্রনাথ (২৭), আরিফুল ইসলাম (৩২), আবুল বাশার (২৩) ও শহীদুল ইসলাম। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও শহরের ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এ ঘটনায় প্রথমে স্বপন মিয়া নামে সুহিলপুর এলাকার এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে দুর্বৃত্তদের বহনকারী গাড়িসহ তিনজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বপন মিয়ার কাছ থেকে অন্য এলাকার তিন কারবারি মাদক কেনেন। ওই মাদকসহ লাল রঙের একটি প্রাইভেটকার নিয়ে তাঁরা জেলা শহরের দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে টহলরত পিকআপ ভ্যান থেকে পুলিশের পাঁচ সদস্যের একটি দল মহাসড়কের ঘাটুরা এলাকায় ওই গাড়িটিকে থামার সংকেত দেয়। কিন্তু পুলিশের সংকেত অমান্য করে গাড়িটি সামনে দিকে যেতে থাকে। পরে পুলিশ ভ্যানটি ওই গাড়ির পিছু নেয়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পশ্চিম দিকের সরু কাঁচা সড়কে ঢোকার পর ওই প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা পুলিশের ভ্যানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পুলিশের ভ্যানটি পাশের খাদে পড়ে যায়। এতে পুলিশ দলের সবাই কমবেশি আহত হন। পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে সুহিলপুর এলাকা থেকে মাদকসহ স্বপনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে ওই লাল প্রাইভেট কার ও তিন মাদক কারবারিকে আটক করা হয়।
সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।