দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা আহত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইলিয়টগঞ্জ উত্তর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী মাহববুল আলম (৩৬) দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রায়পুর কৈলাস চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ওই বিদ্যালয় মাঠে ইলিয়টগঞ্জ উত্তর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। এ সময় ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের বর্তমান সভাপতি ও সম্মেলনে সভাপতি প্রার্থী মাহববুল আলমকে গুলি করে দুর্বৃত্তরা পিস্তলটি স্থানীয় একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মাহববুল আলমকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্মেলনে স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। দাউদকান্দি সার্কেলের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা গুলি করার পর পিস্তলটি স্থানীয় একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।