দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে সবুজ আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢালারচর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজের বাড়ি দুর্গাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সবুজ সন্ধ্যায় গ্রামের খানকা শরিফের পাশের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় চাদর দিয়ে মুখ ঢাকা পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। মুহূর্তের মধ্যেই তারা সবুজকে চায়ের দোকান থেকে টেনেহিঁচড়ে একটু দূরে নিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে সবুজের মৃত্যু হলে তারা পালিয়ে যায়। এ সময় চায়ের দোকানে বসে থাকা স্থানীয় লোকজন আতঙ্কে পালিয়ে যায়।

বেড়া উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত প্রথম আলোকে বলেন, এলাকাটি দুর্গম ও চরমপন্থী অধ্যুষিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।