দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. পলাশ (৩৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পৌর শহরের ভৈরবপুর এলাকার নাটাল চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ কিশোরগঞ্জ আদালতের আইনজীবী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়ায়।

নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও পুলিশের ভাষ্য, গতকাল রাত সোয়া ১১টার দিকে পৌর শহরের চন্ডিবের পাঠানবাড়ি এলাকায় তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাঁর শরীরের একাধিক স্থানে আঘাত করেন। পলাশকে সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই প্রচুর রক্তক্ষরণে পলাশ মারা যান।

পলাশের স্ত্রী আজমিনা খানমের ভাষ্য, দেড় বছর আগে তাঁদের বিয়ে হয়। আট মাস বয়সী তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। পলাশের সঙ্গে তাঁর শেষ কথা হয় গতকাল রাত ১১টা পাঁচ মিনিটের দিকে। পলাশ তাঁকে জানিয়েছিলেন, ভৈরব বাসস্ট্যান্ড থেকে রিকশায় উঠছেন তিনি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, নিহত ব্যক্তির শরীরে তিনটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনটি আঘাত ডান পায়ে করা হয়েছে। প্যান্টের পকেট থেকে মুঠোফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।