দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
ফেনীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে জহিরিয়া মসজিদের পাশে তাঁকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।
নিহত কলেজছাত্রের নাম মো. শাকিল (১৮)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী এলাকার হুমায়ুন কবীরের ছেলে। ফেনীতে জয়নাল হাজারী কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। ফেনীতে বোনের বাসায় থেকে তিনি পড়াশোনা করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মাগরিবের নামাজ শেষে ডাক্তারপাড়ার দিকে যাচ্ছিলেন শাকিল। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রামে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার দাবি করেন, নিহত মো. শাকিল ছাত্রলীগের একজন কর্মী। তিনি দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, পুলিশ ছুরিকাঘাতের কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি জানান, শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।