দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্রেনের পরিচালক আহত
ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের এক পরিচালককে (গার্ড) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা স্টেশনে এ ঘটনা ঘটে। আহত সোহরাবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে ট্রেনটি ভাতশালা স্টেশনে দাঁড়ানো ছিল। ট্রেন ছাড়ার জন্য গার্ড সোহরাব পতাকা উড়ানোর সঙ্গে সঙ্গে এক যুবক এসে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সোহরাবের বাঁ হাত এবং বুকের কিছু অংশ কেটে যায়। তাঁকে প্রথমে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী জীবনলাল চৌহান জানান, সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক ট্রেনটি ছাড়ার সঙ্গে সঙ্গে ওই হামলা করে। লোকজন ধাওয়া করলে অটোরিকশাটি নিয়েই তিনি পালিয়ে যান। আহত সোহরাব হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েকজন যুবক পরিচালকের কক্ষে উঠতে চান। কিন্তু তিনি এতে বাধা দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি ধারণা করছেন।