দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ নিহত
কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে আজ রোববার সন্ধ্যায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন রাকিব নামের আরেক তরুণ।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিটিআই সড়কের সরকারি সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত পলাশ সদর উপজেলার হরিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পিটিআই সড়কের জেলখানা মোড়ে পলাশ ও রাকিবের সঙ্গে কয়েকজন তরুণের বাগ্বিতণ্ডা হয়। এ সময় একজন ছুরি দিয়ে পলাশ ও রাকিবকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পলাশের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচার কক্ষে পলাশের মৃত্যু হয়েছে। রাকিবের শরীরেও অস্ত্রোপচার করা হচ্ছে। তিনি শঙ্কামুক্ত।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।