দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ নিহত

যশোর শহরের রেলগেট রায়পাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রানা (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। তিনি মায়ের সঙ্গে যশোর শহরের রেলগেট রায়পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। যশোর কালেক্টরেট মার্কেটে তৈরি পোশাকের একটি দোকানে কাজ করতেন তিনি।
পুলিশ ও নিহত তরুণের স্বজন সূত্রে জানা গেছে, বেলা পৌনে তিনটার দিকে রানা বাসা থেকে রেলগেট এলাকার দিকে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে পঙ্গু হাসপাতালের পাশে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ইজিবাইকে একজন চালক রানাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রানার মা রাহি বেগম বলেন, দুপুরে রানা বাড়ি থেকে বেরিয়ে রেলগেটের দিকে গিয়েছিলেন। এ সময় রেলগেট এলাকার কয়েকজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি ছুরি মেরে জখম করে পালিয়ে যায়। হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পরে রানার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল বাশার মিয়া বলেন, কারা কী কারণে রানাকে ছুরি মেরে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তবে ঘটনার পর রেলগেট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।