দুর্বৃত্তের ছোড়া তরলে দাখিল পরীক্ষার্থীর দুই চোখ ক্ষতিগ্রস্ত
ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তের ছোড়া তরলে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীর দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলা সদরে দাখিল পরীক্ষা শেষে নুসরাত জাহান নামের ওই ছাত্রী উপজেলার কাশ্মীরবাজার সড়ক হয়ে রিকশাযোগে উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামের বাড়ি যাচ্ছিল। সোনাগাজী পৌর এলাকার চর গণেশ গ্রামের একটি বাড়ির সীমানাপ্রাচীরের ভেতর থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চুনের পানি ছুড়ে মারে। চুনের পানি নুসরাতের দুই চোখে গিয়ে পড়ে। এ সময় সে রিকশা থেকে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, নুসরাতের দুই চোখে চুনের পানি পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, তাঁরা এখন বোনের চিকিৎসা নিয়ে ব্যস্ত। কারা এই ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত নন। তিনি জানান, তাঁরা এই ঘটনায় মামলা করবেন।
পুলিশ জানায়, খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক নারীকে আটক করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।