দুর্বৃত্তের ছোড়া পাথরে রেলের গার্ড গুরুতর আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসের নগরে দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন রেলের গার্ড আবদুল কাইয়ুম। রোববার রাতে এ ঘটনা ঘটে। তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কবীর আহমেদ জানান, মালবাহী খালি ট্রেন ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে যাচ্ছিল। ওই ট্রেনে গার্ডের দায়িত্ব পালন করছিলেন কাইয়ুম। ট্রেনটি রাত পৌনে ১২ টার দিকে শমসের নগর স্টেশন ও মনু স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। একটি পাথরে টুকরা কাইয়ুমের কপালে লাগলে তিনি গুরুতর জখম হয়। পরে ট্রেন থামিয়ে প্রথমে তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কবীর আহমেদ বলেন, কাইয়ুমের কপালের জখম অনেক গভীর বলে মনে হয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণও হচ্ছিল।