দুর্বৃত্তের ছোড়া পাথরে ট্রেনের গার্ড আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন গার্ড আবদুল কাইয়ুম। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
শমসেরনগর রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার কবীর আহমেদ প্রথম আলোকে বলেন, মালবাহী খালি ট্রেন ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে যাচ্ছিল। ওই ট্রেনে গাের্ডর দায়িত্ব পালন করছিলেন কাইয়ুম। ট্রেনটি রাত পৌনে ১১টার দিকে শমসেরনগর স্টেশন ও মনু স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। একটি পাথরের টুকরা কাইয়ুমের কপালে লাগলে তিনি গুরুতর জখম হন। পরে ট্রেন থামিয়ে প্রথমে তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গতকাল বিকেলে জানতে চাইলে কবীর আহমেদ আরও বলেন, কাইয়ুমের কপালের জখম অনেক গভীর বলে মনে হয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণও হচ্ছিল। তবে এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।