দুর্বৃত্তের টেঁটার আঘাতে দলিল লেখক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল রোববার রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের টেঁটার আঘাতে জাকির হোসেন (৪৪) নামের একজন নিহত হয়েছেন।
জাকির উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ডুনি নছরুদ্দিন গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় দলিল লেখক ছিলেন। নিহত জাকিরের আট ও চার বছরের দুটি ছেলে রয়েছে।
নিহত ব্যক্তির চাচাতো ভাই স্বপন মিয়া ও প্রতিবেশী হানিফ মিয়া বলেন, জাকির হোসেনের বসতঘরের পেছনে একটি গরুর খামার রয়েছে। গতকাল সোয়া সাতটার দিকে তিনি হঠাৎ দেখতে পান, খামারের বৈদ্যুতিক বাতিটি বন্ধ। জাকির খামারে গিয়ে সেটি পুনরায় চালু করে নিজের ঘরে প্রবেশ করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর গলায় টেঁটাবিদ্ধ করে পালিয়ে যায়। জাকিরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক আল আমিন মিয়াজী বলেন, টেঁটা বিদ্ধ হওয়ায় শ্বাসবন্ধ হয়ে জাকির মারা যান।
পুলিশ সূত্র জানায়, জাকিরকে খুনের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করছে না। দাউদকান্দি মডেল থানা ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, আপাতত কিছু মন্তব্য করা যাচ্ছে না। এক ব্যক্তি আটকের বিষয়টিও দাপ্তরিক তথ্য নয়। জাকিরের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।