দুর্বৃত্তের হাতে কৃষক খুন
নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে মোছাহাক আলী (৫০) নামের এক কৃষককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে বানিয়াপাড়া গ্রামের মোছাহাকের বাড়ির প্রায় ৫০০ গজ দূরে একটি ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত কৃষকের ছেলে শাহজাহান আলী নীলফামারী সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শাহজাহান আলী বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিবেশী ছিদ্দিক আলী (২২) ও তহিদুল ইসলামের (৩৩) সঙ্গে সেনপাড়ায় দুর্গাপূজা দেখতে যান তাঁর বাবা। রাতে ওই দুজন বাড়ি ফিরলেও তাঁর বাবা ফেরেননি।
শাহজাহান আলী আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী আমিনুর রহমানের (৩৪) সঙ্গে দুই শতক জমি নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে আগামী শনিবার বৈঠকে বসার কথা ছিল। এর আগেই কারা আমার বাবাকে হত্যা করল সেটি বুঝে উঠতে পারছি না।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ রানা বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা মোছাহাক আলীর বাঁ চোখ উপড়ে ফেলেছে।’