দুর্বৃত্তের হামলায় দুই নিরাপত্তাকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের হামলায় আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের আবাসিক কলোনির প্রধান ফটকের দুই নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আলী আকবর (৫৫) ও আনসার আলী আসগর (২২)।
আহত দুজনই কলোনিতে থাকেন। আলী আকবরকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাপবিদ্যুৎকেন্দ্র ও পুলিশ সূত্র জানায়, ভোররাতে তাপবিদ্যুৎকেন্দ্রের আবাসিক কলোনির প্রধান ফটকে তালা ছিল। ফটকের বাইরে আলী আকবর ও আনসার আলী নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সে সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে কলোনির লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের পরিচালক সাজ্জাদুর রহমান গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বলেন, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা করা হবে।