দুর্বৃত্তের হামলায় মিলিটারি পুলিশের সদস্য আহত
ঢাকা সেনানিবাসের প্রবেশপথে তল্লাশির সময় দুর্বৃত্তের হাতে মিলিটারি পুলিশের (এমপি) এক সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কচুক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া করে উত্তর কাফরুলের একটি বাড়ি থেকে এক যুবককে আটক করেন। আহত এমপি সদস্য ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কাফরুল এলাকায় কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করেন। এতে উক্ত মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছেন। বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।’
ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া গতকাল সকালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘কিছুদিন আগে গাবতলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহীম নিহত হন। একইভাবে আশুলিয়ায় পুলিশের ওপর হামলায় শিল্প পুলিশ সদস্য মুকুল নিহত হন। আজ সকালে কাফরুলের কচুক্ষেত এলাকায় মিলিটারি পুলিশ সদস্য সামিদুলকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।’
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সূত্রে জানা গেছে, সেনানিবাসে প্রবেশের পথে নির্ধারিত লেন ছাড়া রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও গতকাল সকালে একটি রিকশা হঠাৎ করে গাড়ির জন্য নির্ধারিত লেনে ঢুকে পড়ে। রিকশাটি সোজা যাওয়ার চেষ্টা করলে তল্লাশিচৌকিকে দায়িত্বরত মিলিটারি পুলিশের সদস্য সামিদুল রিকশাটিকে থামিয়ে রিকশাচালকের সঙ্গে কথা বলেন। এ সময় এক যুবক রাস্তার উল্টো দিক থেকে এসে হঠাৎ করে আক্রমণ করে বসে। ধারালো অস্ত্র দিয়ে যুবকটি তাঁর বাঁ ঘাড়ে ও চোয়ালে আঘাত করেন। তিনি বাধা দিতে গেলে সামিদুলের হাতেও আঘাত করা হয়। এ সময় তল্লাশিচৌকির অন্যরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে এলে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। যুবকের পেছনে ধাওয়া করে উত্তর কাফরুলের একটি বাড়ির পাঁচতলা থেকে তাঁকে ধরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালকের কার্যালয়ে আনা হয়। যে স্থানে এ ঘটনা ঘটেছে সেটি এই কার্যালয়ের খুব কাছে।
গতকাল সকালে ঘটনাস্থলে দেখা যায়, ঘটনার পরপরই হামলার স্থানটি মিলিটারি পুলিশ সদস্যরা ঘিরে ফেলেন। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী যুবকের বয়স ৩০-৩৫ বছর।
তল্লাশিচৌকিতে হামলার ব্যাপারে জানতে চাইলে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি।’