দুর্বৃত্তের হামলায় ছাত্রদল নেতা নিহত
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম শামসুল হক (২৮)। তাঁর বাড়ি রঘুনাথপুর গ্রামে। বাবার নাম আব্দুল বারী।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে শামসুল হক ও শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলে করে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুলকে বাড়িতে পৌঁছে দেন। এরপর শামসুল হক ও জাহাঙ্গীর বাড়ি ফিরছিলেন। পথে রড ও রামদা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দিবাগত রাতে শামসুল হক মারা যান।
শেখমাটিয়া ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী তৌহিদুলের অভিযোগ, একই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এসএম কাইউম উজ জামানের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।
কাইউম উজ জামান বলেন, ঘটনার সঙ্গে তাঁর লোকজন জড়িত নয়। তিনি প্রতিহিংসার রাজনীতি করেন না।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।