দুর্বৃত্তের হামলায় প্রতিবন্ধী জখম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুর্বৃত্তের হামলায় মো. শরিফুল ইসলাম (৩০) নামের এক প্রতিবন্ধী যুবক জখম হয়েছেন। উপজেলার নওগাঁও গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী শরিফুল ও ওই গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী শরিফুলের কাছে গতকাল সকাল আটটার দিকে ওই গ্রামের হাবিবুর রহমান মোল্লা নামের এক ব্যক্তি পানি উত্তোলনের একটি মোটর মেরামত করতে দেন। শরিফুল মোটরটি মেরামত করার পর ওই ব্যক্তি তাঁকে (শরিফুল) কম মজুরি দেন। ওই টাকা নিতে অপারগতা প্রকাশ করেন শরিফুল। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ওই ব্যক্তি ও তাঁর ছোট ভাই মিজানুর রহমান লাঠিসোঁটা নিয়ে শরিফুলের ওপর হামলা চালান। এতে তাঁর মাথা, পিঠ ও বুক রক্তাক্ত জখম হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা তাঁকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শরিফুল বলেন, এ ঘটনায় গতকালই তিনি বাদী হয়ে হাবিবুর ও মিজানুরকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইেমতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।