দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল অটোরিকশাচালকের
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্চ্যার পানবাজারে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন স্থানীয় এক অটোরিকশাচালক। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম শাহ আলম (৩৮)।
শাহ আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মৃত ঠান্ডা মিয়ার ছেলে। তিনি মরিচ্চ্যা বাজার চালক সমিতির সদস্য ছিলেন। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অটোরিকশা চালক সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যানবাহন চলাচলকে কেন্দ্র করে উখিয়ার মরিচ্চ্যা বাজার ও রামুর অটোরিকশা চালক সমিতির মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। ফলে রামু থেকে মরিচ্চ্যা বাজার সড়কে এলাকাভিত্তিক যানবাহন চলাচল করত। শুক্রবার রাতে রামু বাজার থেকে স্থানীয় একজন তরকারি ব্যবসায়ীর অনুরোধে শাহ আলম রাত নয়টার দিকে মরিচ্চ্যার পানবাজার এলাকায় আসেন। এরপর ওই ব্যবসায়ীর সঙ্গে কথা-কাটাকাটির কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় শাহ আলম বুকে ও তলপেটের নিচে আঘাত পান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যুর সংবাদ রাতে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় চালকেরা টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মরিচ্চ্যা বাজার অটোরিকশা চালক সমিতির সভাপতি আবুল হাশেম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে টেকনাফ-কক্সবাজার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, নিহত চালকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।