দুর্ব্যবহার করায় গরম পানির ছ্যাঁকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বড়দের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে এক কিশোরকে (১৫) গরম পানির ছ্যাঁকা দেওয়া হয়েছে। পুলিশ গত শনিবার অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আহত কিশোরের নাম কামরুল হোসেন (১৫)। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ঘাটেরছটি গ্রামের বাসিন্দা।
কামরুলের বাবা আবুল হোসেন বলেন, তিনি পেশায় মৎস্যজীবী। চার ছেলেমেয়ের মধ্যে কামরুল দ্বিতীয়। বর্ষার এই সময়ে নৌকা নিয়ে হাওরে মাছ ধরার কাজে কামরুল তাঁকে সাহায্য করে। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের দেউসার হাওরে মাছ ধরে তিনি তা বিক্রি করতে যান। এ সময় কামরুল নৌকা নিয়ে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের আবদুল হান্নান কামরুলের কাছে নৌকাটি নেওয়ার আবদার করেন। কামরুল রাজি না হওয়ায় হান্নানসহ তাঁর সঙ্গী আবদুল আলী, হেলাল উদ্দিন ও আজির উদ্দিন নৌকাটি হাওরে ডুবিয়ে দেন।
এ সময় কামরুল তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা স্থানীয় হানিফা বেগমের ঘরে নিয়ে কামরুলকে বেঁধে রাখেন ও গরম পানি দিয়ে ছ্যাঁকা দেন। রাত আটটার দিকে খবর পেয়ে আবুল হোসেন কয়েকজন প্রতিবেশীকে নিয়ে কামরুলকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আবুল হোসেন বলেন, ‘ফুরুতা (ছোট) মানুষ, গালিগালাজ করছিল, এর লাগি তার মুখও সেফটিপিন মারার চেষ্টা করে তারা। হান্নানের বাড়িত রাখি মারধর করে পিঠে স্টিলের গ্লাস ও গরম পানি দিয়ে ছ্যাঁকা দেওয়া অইছে।’
গত বৃহস্পতিবার ছয়জনের নাম উল্লেখ করে কামরুলের বাবা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ গতকাল শনিবার হানিফা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্যরা পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জৈন্তাপুর থানার ওসি সফিউল কবীর বলেন, হানিফা বেগম পুলিশের কাছে কামরুলকে নির্যাতনের কথা স্বীকার করেছেন।