দুর্ভোগে মঠবাড়িয়ার পাঁচ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা হোগলপাতি খালের লোহার সেতুটি তিন মাস আগে ভেঙে গেছে। সেখানে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছে কয়েকজন শিক্ষার্থী। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা হোগলপাতি খালের লোহার সেতুটি তিন মাস আগে ভেঙে গেছে। সেখানে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছে কয়েকজন শিক্ষার্থী। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা হোগলপাতি খালের ওপর নির্মিত লোহার সেতুটি তিন মাস আগে ভেঙে গেছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পাঁচটি গ্রামের কয়েক হাজার লোক।
আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আজমল হোসেন বলেন, গত বছরের ১২ অক্টোবর ট্রলারের ধাক্কায় সেতুটি ভেঙে পড়ে। এর পর থেকে উপজেলার কচুবাড়িয়া, ভাইজোড়া, হোগলপাতি, গোলবুনিয়া ও কালিকাবাড়ি গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা নৌকায় অথবা কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে যাতায়াত করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া-ভাইজোড়া সড়কের হোগলপাতি নেছারিয়া ফাজিল মাদ্রাসাসংলগ্ন খালের ওপর দুই যুগ আগে ১৪০ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করে এলজিইডি। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে সেতুটি ক্ষতিগ্রস্ত হলে পরে মেরামত করা হয়। এরপর গত অক্টোবরে ট্রলারের ধাক্কায় সেতুটি ভেঙে যায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেতুটির লোহার পিলার ভেঙে খালের মধ্যে পড়ে আছে। স্থানীয় লোকজন ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা ছোট একটি ডিঙি নৌকায় খাল পার হচ্ছে। ভাইজোড়া গ্রামের লোকজন উপজেলা সদরে ভ্যানে করে কিংবা মোটরসাইকেলে করে ১০ কিলোমিটার ঘুরে বিকল্প পথে (বেড়িবাঁধ হয়ে সাপলেজা সড়ক দিয়ে) যাতায়াত করছেন।

ভাইজোড়া গ্রামের মনু মিয়া বলেন, ভাইজোড়ার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী সেতু দিয়ে যাতায়াত করে। স্থানীয় জনপ্রতিনিধিদের উচিত সেতুটি নির্মাণের আগ পর্যন্ত একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া।

ভাইজোড়া জেকেএইচএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন জাহান বলে, হোগলপাতি গ্রামের শিক্ষার্থীদের প্রতিদিন নৌকায় পার হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। অনেক সময় নৌকা থাকে না। তখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

হোগলপাতি গ্রামের ইছাহার তালুকদার বলেন, এই সেতু দিয়ে তিনি বিভিন্ন পণ্য পরিবহন করতেন। এখন সেই সব পণ্য নিয়ে ঘুরপথে হাটবাজারে যেতে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির এক উপসহকারী প্রকৌশলী বলেন, সেতুটি খাল থেকে ওঠাতে দুই লাখ টাকা খরচ পড়বে। এরপর মেরামত করতে আরও ২০ লাখ টাকার প্রয়োজন। আর নতুন করে গার্ডার সেতু করতে হলে তিন কোটি টাকা লাগবে। এ খাতে অর্থ বরাদ্দ না পাওয়ায় সেতুটি মেরামত করা যাচ্ছে না।

উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান বলেন, এলজিইডি বর্তমানে লোহার সেতু নির্মাণ না করায় সেতুটি সংস্কার বা নির্মাণ করা যাচ্ছে না। গার্ডার সেতু নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেতুটি নির্মাণ করা হবে।