দুর্ভোগের সঙ্গে টাকাও গচ্চা যাচ্ছে রোগীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের পরামর্শে নোয়াখালীর হরিপদ গোস্বামী গত ১৬ মার্চ এমআরআই পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান। সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁকে জানানো হয়, যন্ত্র নষ্ট থাকায় পরীক্ষা করা সম্ভব নয়। বাধ্য হয়ে তিনি বেসরকারি একটি ক্লিনিকে পরীক্ষাটি করেন। এ জন্য তাঁকে গুনতে হয়েছে ১৪ হাজার টাকা। অথচ হাসপাতালে এই পরীক্ষার ব্যয় মাত্র চার হাজার টাকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগ নির্ণয় যন্ত্র এমআরআই এবং সিটিস্ক্যান যন্ত্র নষ্ট থাকায় ভোগান্তি বেড়েছে রোগীদের। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে রোগীদের এই দুটি পরীক্ষা করাতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ আর্থিক সমস্যায় পড়েছেন। আগে হাসপাতালে স্বল্প খরচে এ দুটি পরীক্ষা করানো যেত।
চিকিৎসকেরা জানান, আট মাস ধরে হাসপাতালের এমআরআই (শরীরের অভ্যন্তরে বিভিন্ন অংশের নিখুঁত ছবি তোলা হয়) যন্ত্রটি নষ্ট। সিটিস্ক্যান (শরীরের অন্তর্ভাগের অঙ্গপ্রত্যঙ্গের ত্রিমাত্রিক ধারণা পাওয়া যায়) যন্ত্র নষ্ট হয়েছে এক বছর আগে। দুটোই ১০ বছরের পুরোনো। দুটি যন্ত্র মেরামতে ৬০ লাখ টাকা ব্যয় হবে। তবে মেরামত করা হলেও যন্ত্র দুটি থেকে আগের মতো কাজ করবে না।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সুবাস মজুমদার বলেন, ‘মেশিন দুটি বেশ কয়েক মাস ধরে নষ্ট। এগুলো মেরামত করতে অনেক টাকা প্রয়োজন। তবে যে টাকা দিয়ে মেরামত করা হবে, সে পরিমাণ সেবা পাওয়া যাবে না। কারণ, এই মেশিনগুলো অনেক পুরোনো। এখন অনেক অত্যাধুনিক মেশিন বাজারে রয়েছে। পরীক্ষার রেজাল্টও আগের মতো হবে না।’
হাসপাতাল সূত্র জানায়, ২০০৫ সালের আগস্টে এমআরআই যন্ত্রটি স্থাপন করা হয়। এর এক বছর আগে সিটিস্ক্যান যন্ত্র বসানো হয়। দুটি যন্ত্র দিয়ে প্রতিদিন গড়ে ৩০ জন করে রোগীকে সেবা দেওয়া হতো। সিটিস্ক্যান পরীক্ষার (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী) জন্য দুই হাজার টাকা থেকে সর্বোচ্চ চার হাজার টাকা নেওয়া হতো। একই ধরনের পরীক্ষার জন্য বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে চার হাজার টাকা থেকে শুরু করে পরীক্ষার ধরন অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। অন্যদিকে হাসপাতালে এমআরআই পরীক্ষার ধরন অনুযায়ী দুই হাজার থেকে তিন হাজার টাকা নেওয়া হতো। একই ধরনের পরীক্ষার জন্য বাইরের রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে খরচ পড়ে সর্বনিম্ন সাড়ে সাত হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
তবে বেশির ভাগ বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র রাত ১১টায় বন্ধ হয়ে যায়। এ কারণে রাতে যদি কোনো রোগীর এমন পরীক্ষার প্রয়োজন হয়, তাহলে ভোগান্তির সীমা থাকে না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল গণি বলেন, সিটিস্ক্যান ও এমআরআই যন্ত্র দুটি দীর্ঘদিন ধরে নষ্ট। এগুলো মেরামত করা হলেও কাজে লাগবে না। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তিনি জানান, নতুন মেশিন চালানোর জন্য জনবল আছে কি না, তা জানতে চেয়েছে মন্ত্রণালয়। যন্ত্র দুটির প্রয়োজনীয়তা ও জনবল থাকার বিষয়টিও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে কবে দুটি যন্ত্র দেওয়া হতে পারে, তা জানা নেই তাঁর।