দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ওই শিক্ষার্থী গত শুক্রবার মাদারীপুর সদর উপজেলায় তার বোনের শ্বশুরবাড়ি বেড়াতে আসে। সোমবার বিকেলে তার দুলাভাই মিরাজ মাতুব্বর তাকে নিয়ে ঘুরতে বের হয়। রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে বাঁশবাগানে নিয়ে মিরাজ তাকে ধর্ষণ করেন। পরে তাকে বাড়িতে রেখে পালিয়ে যান মিরাজ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পরিবারের লোকজন মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত দেড়টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধর্ষণের শিকার ওই শিশুর বোন বলেন, ‘নতুন জামা কিনে দেওয়ার কথা বলে ওকে নিয়ে শহরে যায় মিরাজ। কিন্তু রাতে যখন বোনকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসে, তখন বোনের কাছ থেকে জানতে পারি ধর্ষণের কথা।’

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শশাঙ্ক ঘোষ বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন কুমার দেব বলেন, ধর্ষণের ঘটনা জানার পরই পুলিশের একাধিক টিম হাসপাতালে যায়। অসুস্থ ওই শিশুর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেয়েটির পরিবার থানায় অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের সবাই মেয়েটির চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে থাকায় এখনো মামলা হয়নি।