দুষ্টুমি করায় কান রক্তাক্ত করলেন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে ক্লাসে দুষ্টুমি করার অপরাধে দুই ছাত্রের কান রক্তাক্ত জখম করেছেন এক শিক্ষক। গতকাল মঙ্গলবার ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত দুই ছাত্র হলো উপজেলার সান্তাহার শহরের ড্যাফোডিল কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র রশিদ শাহরিয়ার ও তরুণ। এ ঘটনায় শাহরিয়ারের বাবা হারুনুর রশিদ সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে স্কুলে দ্বিতীয় শ্রেণির অঙ্ক ক্লাস চলার সময় শাহরিয়ার ও তরুণ দুষ্টুমি করে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক মুরাদ হোসেন ওই দুই ছাত্রের কান ধরে সজোরে টানাটানি করেন। এতে উভয়ের কানের পেছন দিকে কিছু অংশ ছিলে গিয়ে রক্ত পড়তে থাকে। খবর পেয়ে শাহরিয়ারের বাবা আদমদীঘি উপজেলা কৃষক লীগের সভাপতি হারুনুর রশিদ ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেরহুর রহমান চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুলের প্রতিষ্ঠাতা এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক মুরাদ হোসেন মুঠোফোনে বলেন, দুষ্টুমি করার অপরাধে তাদের শাস্তি দিতে চেয়েছিলেন। তবে ঘটনা এমন হবে, তা তিনি বুঝতে পারেননি। অন্য ছাত্রের অভিভাবকের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।