দুষ্টুমি করায় শিশুকে গলা টিপে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দুষ্টুমি করার অভিযোগে চার বছরের শিশু আল-আমিনকে গলা টিপে হত্যা করেছেন তার চাচি আলমতাজ বেগম। গতকাল বুধবার বিকেলে শিশু আল-আমিন হত্যার দায় স্বীকার করে মহানগর হাকিম আদালতের বিচারক মো. আনিছুর রহমানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আলমতাজ বেগম।

গত সোমবার নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রাম ১ নম্বর গলির বাসা থেকে বাইরে বের হয়ে নিখোঁজ হয় শিশু আল-আমিন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আল-আমিনের কোনো সন্ধান পায়নি তার পরিবার। গত মঙ্গলবার দুপুরে আল-আমিনের নিখোঁজের বিষয়ে তার বাবা সুজন হাওলাদার ভাই সুমনের বাসায় স্বজনদের নিয়ে আলোচনায় বসেন। সেখানে দোতলা ঘরের মেঝেতে রক্তের দাগের উৎস খুঁজতে গিয়ে খাটের নিচে লাকড়ির স্তূপের মধ্যে আল-আমিনের লাশ দেখেন তাঁরা। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমনের স্ত্রী আলমতাজকে আটক করে।

গতকাল বুধবার আদালতে আলমতাজ বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে আলমতাজ বলেছেন, আল-আমিন বাসায় গিয়ে দুষ্টুমি করছিল। বারবার নিষেধ করার পরও দুষ্টুমি করা বন্ধ না হওয়ায় আল-আমিনকে থাপ্পড় মারেন তিনি। এ সময় আল-আমিন দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে আহত হয় ও কান্না করতে থাকে। বারবার কান্না থামাতে বললেও সে চিৎকার দিয়ে কান্না করেই যাচ্ছিল। একপর্যায়ে তার গলা চেপে ধরেন তিনি। এতে সে নিস্তেজ হয়ে পড়ে। শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত হওয়ার পর আল-আমিনকে দোতলার খাটের নিচে লাকড়ির স্তূপের মধ্যে লুকিয়ে রাখেন তিনি।

বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) শাহানাজ বেগম বলেন, আল-আমিন হত্যার ঘটনায় গতকাল বুধবার আলমতাজ বেগমকে একমাত্র আসামি করে তার বাবা সুজন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় আলমতাজ বেগমকে। গতকাল বুধবার আলমতাজকে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।