দুস্থ নারীদের চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলায় দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তার জন্য সরকারের দেওয়া ভিজিডির চাল মাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রতিনিধিদের অভিযোগ, খাদ্যগুদাম থেকেই চাল কম দেওয়া হচ্ছে।

এই উপজেলার ১১টি ইউপির ১ হাজার ৭৮৫ জন দুস্থ নারী এই সহায়তার আওতায় রয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে খাদ্য সহায়তা হিসেবে তাঁদের প্রত্যেককে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু তাঁদের দুই কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে।

জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই কার্যালয় থেকে প্রতি মাসে চালের বরাদ্দপত্র খাদ্যগুদাম ও ইউনিয়ন পরিষদে দেওয়া হয়। বরাদ্দপত্র পাওয়ার পর ইউপি চেয়ারম্যানরা ওই চাল সংগ্রহ করে তালিকাভুক্ত দুস্থ নারীদের মাঝে বিতরণ করেন।

গত বৃহস্পতি ও শনিবার সদর উপজেলার ডোমসার ও মণ্ডলপাড়া ইউপিতে চাল বিতরণ করা হয়। সেখানে দেখা গেছে, প্লাস্টিকের বস্তায় খাদ্য অধিদপ্তরে সিল রয়েছে। কালো কালি দিয়ে বস্তার গায়ে ৩০ কেজি চাল লেখা রয়েছে। কিন্তু চাল মেপে দেখা গেছে, বস্তাসহ ২৮ কেজি, বড়জোর ২৮ কেজি ২০০ গ্রাম রয়েছে।

ষোলপাড়া ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার বলেন, ‘খাদ্যগুদাম থেকেই বস্তাগুলো প্যাক করে দেওয়া হয়। আমরা সেই অবস্থায়ই চাল বিতরণ করি। খাদ্যগুদাম থেকেই চাল ওজনে কম দেওয়া হচ্ছে। আর বদনাম হচ্ছে চেয়ারম্যান ও মেম্বারদের। মানুষ আমাদের ভুল বুঝছে। তারা মনে করছে, আমরাই তাদের চাল কম দিচ্ছি।’

ডোমসার ইউপির সদস্য আমির হোসেন বলেন, ‘চাল কম দেওয়ার বিষয়টি অনেকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সমন্বয় সভায় জানানো হয়েছে। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।’

ষোলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের নাছিমা বেগম ও মণি আক্তার বলেন, ‘প্রতি মাসে আমাদের দুই কেজি করে চাল কম দেওয়া হয়। গরিব মানুষ বিনা পয়সায় এই চাল পাই। প্রতিবাদ করলে তাও যদি না পাই, এই ভয়ে চুপ করে থাকি।’ আংগারীয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলম বলেন, ইউপি চেয়ারম্যান অথবা তাঁদের কোনো প্রতিনিধির উপস্থিতিতে চাল মেপে দেওয়া হয়। তখন বস্তায় কম দিলে তো তাঁরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতেন। খাদ্যগুদাম থেকে কোনো চাল কম দেওয়া হচ্ছে না। চেয়ারম্যানদের অভিযোগ সঠিক নয়।

জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা-তুন আসমা বলেন, দুস্থ নারীদের চাল ওজনে কম দেওয়া দুঃখজনক। খাদ্যগুদাম থেকে প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ভরে তা সেলাই করে দেওয়ার কথা। বিষয়টি খতিয়ে দেখা হবে।