দুস্থদের কাছ থেকে টাকা নেওয়ায়...
সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইল ইউনিয়নে দুস্থদের মধ্যে ভিজিডির চাল বিতরণের সময় অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে আটক করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পেয়েছেন।
কাজীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউল ইসলাম বলেন, আটক দুই ইউপি সদস্য জিজ্ঞাসাবাদে চেয়ারম্যানের নির্দেশে টাকা আদায় করেছেন বলে স্বীকার করেন। এ ঘটনার পর থেকে চেয়ারম্যান আবদুল বারেক পলাতক রয়েছেন। পুলিশ পাঠানো হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। যেহেতু চেয়ারম্যান নিজেই দোষী, সে কারণে দুই ইউপি সদস্যকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা প্রশাসন ও দুস্থদের সূত্র থেকে জানা গেছে, গতকাল দুপুরে গান্ধাইল ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারী ১৯৫ জনের মধ্যে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় দুস্থদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে অবৈধভাবে আদায় করা হয়। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ টাকা আদায় করছেন—এমন অভিযোগ পেয়ে ইউএনও সাফিউল ইসলাম সেখানে উপস্থিত হন। তিনি টাকা আদায় করার সময় ইউপি সদস্য গাজি শাহজামাল ও লুৎফর রহমানকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় ঘটনা টের পেয়ে আবদুল বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ইউএনও আটক দুই ইউপি সদস্যের কাছ থেকে ১৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করেন। পরে দুজনকে উপজেলা পরিষদে নিয়ে যান।