দুস্থদের চাল ব্যবসায়ীর বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে দুস্থ ব্যক্তিদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের ১৮ বস্তা চাল এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজার-সংলগ্ন বাগানবাড়ির এলাকার একটি বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়।

ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে অসহায়, দুস্থ ব্যক্তিদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। আজ শনিবারও উপজেলার কামারপুকুর ইউনিয়নে ওই চাল বিতরণ অব্যাহত ছিল। চাল বিতরণের সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে খবর আসে, একটি বাড়িতে ভিজিএফ কার্ডের চাল মজুত করা হয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি তা সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে কামারপুকুর বাজার-সংলগ্ন মো. সাবেদুল ইসলামের ‘রায়হান ভিলা’ নামের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে ওই বাড়ির একটি ঘরের মধ্যে রাখা ১৮ বস্তা ভিজিএফ কার্ডের চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৭৫ কেজি করে চাল ছিল। সূত্রমতে, ওই চাল মোজাহারুল ইসলাম ফকির নামের এক ব্যবসায়ী কিনে ওই বাড়িতে মজুত করেছিলেন।

সৈয়দপুর পিআইও মো. শফিউল ইসলাম জানান, উদ্ধারকৃত চাল কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি সব পদক্ষেপ নেওয়া হবে।