দুস্থদের চালের অর্থ ফড়িয়ার পকেটে
বগুড়ার শিবগঞ্জে দুস্থ ব্যক্তিদের ঠকিয়ে ফড়িয়ারা সরকারের ভিজিএফ কর্মসূচির চাল কম দামে কিনে নিচ্ছেন। ফলে ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন হতদরিদ্র লোকজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুস্থ লোকদের সহায়তা কর্মসূচির (ভিজিএফ) আওতায় সরকার এই উপজেলায় ১২টি ইউনিয়নের ১৮ হাজার ৫৯৫ জন ও পৌরসভার জন্য ১ হাজার ৫৪০ জন অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য-সহায়তা দিচ্ছে। এতে প্রত্যেকের ২০ কেজি করে চাল পাওয়ার কথা।
অভিযোগ রয়েছে, হতদরিদ্র লোকজন চাল গ্রহণ করা মাত্রই ইউনিয়ন পরিষদ চত্বরে বা আশপাশে থাকা ফড়িয়া ব্যবসায়ীরা বাজারদর থেকে কম দামে ওই চাল কিনে নেন। তাঁরা এক জোট হয়ে দুস্থ মানুষদের কম দামে চাল বিক্রি করতে বাধ্য করছেন। বর্তমান বাজারে প্রতি কেজি চালের দাম কমপক্ষে ২২ টাকা হলেও ফড়িয়ারা তা কিনছেন ১০ থেকে ১৩ টাকা কেজি দরে।
সাত-আটজন দুস্থ ব্যক্তি বলেন, অনেক ফড়িয়া ব্যবসায়ী আবার আগেই কার্ডধারীদের টাকা দিয়ে কার্ড কিনে নেন। পরে তাঁরা গিয়ে বা তাঁদের নিয়োজিত লোক দিয়ে চাল তুলে নেন। দুস্থ লোকদের কাছে থেকে কম দামে চাল কিনে তাঁরা তুলনামূলক বেশি দামে ওই চাল বড় বড় চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভ করছেন।
গত শনিবার শিবগঞ্জ পৌরসভা, বিহার ও বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে গিয়ে সব জায়গাতেই ফড়িয়াদের প্রকাশ্যে চাল কিনতে দেখা গেছে। পৌরসভা এলাকায় প্রতিটি কার্ডের বিপরীতে ২০০ টাকা এবং চাল তুলে দিলে ২২০ টাকা দেওয়া হয়েছে। বিহার ও বুড়িগঞ্জে ২৫০ থেকে ২৭০ টাকা করে প্রতিজনের চাল কিনতে দেখা গেছে।
বুড়িগঞ্জ ইউপি চত্বরে আমজাদ হোসেন নামের এক ফড়িয়া দুস্থ ব্যক্তিরা চাল নিয়ে বের হতেই তাঁদের সঙ্গে থাকা পোঁটলা বা ব্যাগ টেনে ধরে দামদর করছিলেন। পরে তিনি বলেন, ‘আমি তো অন্যায় কিছু করছি না। মানুষ ইচ্ছা করে বিক্রি করছে আর আমি টাকা দিয়ে চাল কিনে নিচ্ছি।’
দাম এত কম দেওয়া প্রসঙ্গে আরেক ফড়িয়া নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘২০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু ১৬ থেকে ১৭ কেজির ওপর চাল পাচ্ছে না কেউ। তা ছাড়া লাভের জন্য তো আমরা এত পরিশ্রম করছি। তাই ওই দাম দিচ্ছি।’
দুস্থ আজিজার রহমান বলেন, ‘ব্যবসায়ীরা সকলি এক হচে। তারা কম দাম দিয়া লাভ বেশি করবি।’
চাল বিক্রির বিষয়ে পৌর এলাকার বানাইল মহল্লার আমেনা বেগম (৪৫) বলেন, ঈদের আগে ঘরে কোনো সেমাই-চিনি নেই। এ জন্য তিনি চাল বিক্রি করে সেমাই-চিনি কিনছেন।
বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, ‘যেসব মানুষ চাল পেয়েছে, তারাও বিক্রি করে দিতে ব্যস্ত হয়ে পড়ে। আর বারবার নিষেধ করার পরও ফড়িয়ারা পরিষদের ভেতরে আসে।’
শিবগঞ্জ উপজেলার পিআইও জসিম উদ্দিন বলেন, ‘ফড়িয়ারা যাতে চাল কিনতে না পারে, সে জন্য চেয়ারম্যান সাহেবদের আগেই সতর্ক করা হয়েছিল।’