দুস্থদের ভাতার টাকা চেয়ারম্যান ও ব্যাংক কর্মকর্তার পকেটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রসুল ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক এস এম সাখাওয়াত হোসেন যোগসাজশ করে ওই ইউনিয়নের ১২৮ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীর টাকা উত্তোলন করে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা নতুন ভাতাভোগী ওই ১২৮ জনের কার্ড জব্দ করেছেন। ইউপি চেয়ারম্যান গোলাম রসুল ওই টাকা উত্তোলন করে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর আলীহাট ইউনিয়নে ২৪ জন বিধবা, ৫২ জন প্রতিবন্ধী ও ৫২ জনকে বয়স্ক ভাতার জন্য নির্বাচিত করা হয়। বছরে বিধবরা প্রত্যেকেই পাবেন ৪ হাজার ৮০০ টাকা করে, প্রতিবন্ধীদের মধ্যে ১৬ জন পাবেন ১২ হাজার টাকা করে ও ৩৬ জন পাবেন ৬ হাজার টাকা করে। বয়স্ক ভাতাভোগী প্রত্যেকেই পাবেন ৪ হাজার ৮০০ টাকা করে। গত জুলাই মাসে এসব ভাতভোগীর এক বছরের বরাদ্দের টাকা সোনালী ব্যাংকের হাকিমপুর শাখায় আসে। ৮ সেপ্টেবর সাংসদ শিবলী সাদিক আনুষ্ঠানিকভাবে পৌরসভা ও আলীহাট ইউনিয়নের ভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন। সেই সঙ্গে ঈদুল আজহার আগেই ভাতাভোগীরা যেন টাকা উত্তোলন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।
সমাজসেবা কার্যালয় ও ব্যাংক সূত্রে আরও জানা গেছে, ইউপি চেয়ারম্যান গোলাম রসুল নতুন ভাতাভোগীদের কাছ থেকে ব্যাংকে হিসাব খোলার নাম করে কার্ডগুলো নিয়ে নেন। কিন্তু ব্যাংকে হিসাব না খুলেই ১০ সেপ্টেম্বর চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপক যোগসাজশ করে ওই ১২৮ জন ভাতাভোগীর টাকা উত্তোলন করেন। ওই দিনই চেয়ারম্যানের বিশ্বস্ত এক সহযোগী ও ব্যাংক ব্যবস্থাপক আবাসিক হোটেলে বসে টাকাগুলো ভাগ-বাঁটোয়ারা করে নেন।
গত শুক্রবার আলীহাট ইউনিয়নে গেলে নতুন ভাতাভোগীর তালিকাভুক্ত হওয়া আমজাদ আলী, আব্বাস আলী ও দুই প্রতিবন্ধীর অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পেরেছেন চেয়ারম্যান তাঁদের ভাতার টাকা তুলে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, তিনি সমাজসেবা কার্যালয় থেকেও জানতে পেরেছেন, চেয়ারম্যান ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে ভাগ-বাঁটোয়ারা করেছেন।
জানতে চাইলে সমাজসেবা কর্মকর্তা মো. মইনুল হক বলেন, ভাতার টাকা সমাজসেবা কার্যালয়ের অ্যাকাউন্ট থেকে সরাসরি ভাতাভোগীদের অ্যাকাউন্টে যাবে। ব্যাংক ভাতাভোগীদের ছবি দেখে চিহ্নিত করে চেকের মাধ্যমে বা চেক ছাড়া সমাজসেবা কার্যালয়ের দেওয়া বইয়ে এবং ব্যাংকে রক্ষিত হিসাবের বইয়ে টিপ-সই নিয়ে টাকা দেবে। কিন্তু এখানে তা করা হয়নি। তিনি আরও বলেন, ভাতাভোগীদের টাকা চেয়ারম্যান তুলে নেওয়ার অভিযোগ পেয়ে তাঁরা বইগুলো জব্দ করেছেন। সেখানে ভাতাভোগীদের কোনো টিপ-সই নেই। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে গত শুক্রবার দুপুরে চেয়ারম্যান গোলাম রসুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তিনি ওই টাকা তুলে তাঁর কাছে রেখেছেন। সময়মতো বিতরণ করা হবে।’ ভাতাভোগীদের টাকা তোলার এখতিয়ার তাঁর আছে কিনা জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
গত বৃহস্পতিবার সোনালী ব্যাংকে গিয়ে ব্যবস্থাপক সাখাওয়াত হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে বর্তমানে সোনালী ব্যাংক ইমেজ সংকটে রয়েছে, এ কথা বলে তাঁর কারণে ব্যাংকের যেন ক্ষতি না হয় সে বিষয়টি দেখার অনুরোধ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুকরিয়া পারভীন বলেন, অনিয়ম ধরা পড়ার পর সেই টাকা চেয়ারম্যান বিতরণ করলেই তিনি পার পাবেন না। ভাতাভোগীদের টাকা ব্যাংক থেকে কীভাবে চেয়ারম্যান তুললেন সেটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।